বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩  

‘ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডের জন্য মূল্যস্ফীতি হবে না’

বিজবার্তা রিপোর্ট :

বিজ বার্তা

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড দিতে টাকা ছাপাবে না সরকার। হিসাব-নিকাশ করেই দেয়া হবে অর্থ সহায়তা। সংসদে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন সরকারপ্রধান।

 

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডধারী চার কোটি পরিবার এবং কৃষি কার্ডধারী পৌনে তিন কোটি কৃষককে অর্থ সহায়তা হিসাবনিকাশ করে দেওয়া হচ্ছে।

 

এক সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে হলে বছরে ১ লাখ ২০ হাজার কোটি টাকা খরচ হবে।

 

এর প্রক্রিয়াগত ব্যয়সহ খরচ হবে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। আবার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। সেখানে সাত হাজার কোটি টাকা খরচ হবে। সেক্ষেত্রে মূল্যস্ফীতি হতে পারে।

 

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা যে ফ্যামিলি কার্ডের কথা জনগণকে বলেছিলাম নির্বাচনের আগে, সেই ফ্যামিলি কার্ডটি মানুষ গ্রহণ করেছে এবং আপনি (হাসনাত আবদুল্লাহ) নিজেও সাক্ষী।

 

আপনার নির্বাচনী এলাকায় আপনাকেও নারীরা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড চাওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন, যে মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে, আপনি চেষ্টা করবেন তাঁদের ডিস্ট্রিবিউট করার।

 

পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো সরকারের একবারে এটা করা সম্ভব নয়। সবার তথ্য সংগ্রহ করতে হবে। প্রথম পর্যায়ে ঝুঁকিপূর্ণ পরিবারকে দেওয়া হবে। ধীরে ধীরে বাজেট তৈরি করে কার্ড দেওয়া বাড়ানো হবে।

 

তারেক রহমান বলেন, এটা (ফ্যামিলি কার্ড) রাষ্ট্রের একটা বিনিয়োগ, যার মাধ্যমে ধীরে ধীরে স্থানীয় শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থান গড়ে উঠবে। তাই আমাদের হিসাব হচ্ছে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে।